সৈকত পাড়ের মেরিন ড্রাইভে আল্টা ম্যারাথন
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪
ঘড়ির কাঁটা তখন ৬টা ১০ মিনিট, দিনটি ১৭ জানুয়ারি আজ শুক্রবার। কক্সবাজারের পূর্ব আকাশে তখনো সূর্য দেখা যায়নি। ঠিক তখন মেরিন ড্রাইভ সড়কের ইনানী থেকে শুরু হয় ম্যারাথন দৌঁড়। এটি প্রথমবারের মতো কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে আল্টা ম্যারাথনের প্রতিযোগিতা। ‘ভ্রমণ হোক দায়িত্বশীল’ এই স্লোগানে ৩টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে দেশি-বিদেশি শতাধিক প্রতিযোগি। অল্প সময়ে ইনানী সৈকত, এরপর পাতোয়ারটেক পয়েন্ট অতিক্রম। তারপর সূর্যের আলো দেখা। সব মিলিয়ে প্রথমবারের মতো মেরিন ড্রাইভে ম্যারাথনে অংশ নিতে পেরে দারুণ খুশি প্রতিযোগীরা। প্রতিযোগী রিয়াদ হোসেন বলেন, অনেক দূর থেকে ভ্রমণ করে শুধু মেরিন ডাইভে আল্টা ম্যারাথনে অংশ নেয়ার জন্য কক্সবাজারে আসা। এখন ঠিক সময়ে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। আরেক প্রতিযোগী জামশেদ বলেন, রোমাঞ্চকর এক অনুভূতি। জীবনে প্রথম আল্টা ম্যারাথন। দেশের মাটিতে তিন পর্বের ম্যারাথন এটিই প্রথম। অন্যরকম এক যাত্রা। প্রতিযোগী জাহেদ ও সালেহীন বলেন, মেরিন ড্রাইভে আল্টা ম্যারাথন উপভোগ করেছেন। কারণ এটি তার প্রথমবার, এর আগে কোনো ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ আসেনি। উপভোগ করেছেন। যদিও পুরো দূরত্বটা শেষ করতে পারেননি; তাহলে আরো ভালো লাগতো। অরণ্যঘেরা পাহাড় আর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এরই মাঝে পিচঢালা পথ। এ পথের নাম মেরিন ড্রাইভ। যা গিয়ে শেষ হয়েছে টেকনাফ সমুদ্র সৈকতে। প্রতিযোগীরা বলছেন, মাদকমুক্ত সমাজ ও পর্যটকদের পরিবেশ রক্ষায় সচেতন করতে এই আয়োজনে তাদের অংশ নেয়া।

