ভোটের তারিখ পরিবর্তনে আপত্তি নেই: কাদের
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের ভোটের তারিখ নিয়ে জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে দেশের হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি মনে করে নির্বাচনের তারিখ পরিবর্তন করবেন, এটা সম্পূর্ণভাবে তাদের এখতিয়ার। তারা এটি করতে পারেন। এ ব্যাপারে আওয়ামী লীগ বা সরকারে কিছুই করণীয় নেই এবং আমাদের কোনো আপত্তিও নেই।
শুক্রবার (১৭ জানুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সরস্বতী পূজার মধ্যে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট থাকায় তার বিরোধিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী এবং কয়েকটি হিন্দু সংগঠন। ভোটের তারিখ পরিবর্তনের জন্য এক আইনজীবীর করা রিট হাইকোর্টে খারিজ হয়ে গেলেও তিনি আপিল বিভাগে আবেদন করেছেন।
এসব বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এদিন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পূজার দিনে ভোটগ্রহণের বিষয়টিও ছিল। একজন প্রবীণ নেতা ড. কামাল হোসেন বলেছেন, পূজার দিনে সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে সরকার বড় অন্যায় করেছে। আমি বলতে চাই, তারিখ কিন্তু আমরা নির্ধারণ করি নাই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ বিষয়টির এখতিয়ার তাদেরই। কবে শিডিউল, কবে তারিখ- এটা নির্বাচন কমিশনই দেখবে। এখানে সরকারের কিছু নেই। কাজেই সরকার এখানে অন্যায় করেছে- এ কথার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

