সিরাজগঞ্জের হাসপাতালে রোগীদের ভিড়
তীব্র শীতের কারণে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এরমধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। প্রতিদিনই হাসপাতালে এসব রোগীরা ভিড় জমাচ্ছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, পৌষ মাসের শুরু থেকে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ১,৭২৭ জন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডের বেড পূর্ণ হয়ে মেঝে ও বারান্দাতেও শুয়ে আছে অনেক শিশু রোগী। ৪০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি শিশুর সংখ্যা ৪৩।
নিউমোনিয়াসহ অন্য রোগে আক্রান্ত আরও ১৫ শিশু। সিটের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বঙ্গমাতা হাসপাতাল ছাড়াও জেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি শিশুর সংখ্যা ৭০ জন। তবে শীতের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালেআসা ডায়রিয়ার রোগীর সংখ্যা ১,৭২৭। প্রতিদিনই বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শীতের মাত্রা বেশি হলে রোটা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। রোটা ভাইরাস খাবারের সঙ্গে মিশে পেটে যাওয়ায় শিশুসহ সব বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, শৈতপ্রবাহে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু। জেলার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সচেতন রয়েছে। হাসপাতালে ভর্তি শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। যার কারণে বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

