ভোট পেছানো দাবি: অনশনে অসুস্থ ঢাবির ২ ছাত্র
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
সরস্বতী পূজার দিনে ঢাকার সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে দুই ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অর্ক সাহা এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের অপুর্ব চক্রবর্তীকে শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, আরো অনেকেই অসুস্থ। কিন্তু সবাই হাসপাতালে যেতে রাজি নয়। জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাসের শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য অহিংস আন্দোলন করে যাচ্ছে। সব ধর্মের শিক্ষার্থীরাই একাত্মতা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন ‘সাম্প্রদায়িক সিদ্ধান্ত’ পরিবর্তন না করা পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা দেন উৎপল। অনশনস্থলে অসুস্থ কাজল বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালে যাব না, এখানেই থাকব।

