হজযাত্রীদের জন্য বিমান ভাড়া বৃদ্ধি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৪৮
এবার হজে যেতে গত বছরের তুলনায় বাড়তি বিমান ভাড়া গুনতে হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার হজের যাত্রীপ্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ জনপ্রতি বৃদ্ধি করা হয়েছে ২২ হাজার টাকা। অবশ্য ২০১৮ সালে এই ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
রবিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় হাজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।

