অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু ফেদেরা-সেরেনার
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১২
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে দারুণ জয় পেয়েছেন সুইস গ্রেট রজার ফেদেরা। আমেরিকার অবাছাই খেলোয়াড় স্টিভ জনসনকে ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন তিনি। বর্তমানে ৩৮ বছর বয়সী ফেদেরাকে শুরু থেকেই অন্যতম ফেবারিট হিসেবে মনে করা হচ্ছে। অবশ্য এবারের আসরে নিজেকে ফেবারিট মানতে নারাজ তিনি। তবে নিজের প্রথম ম্যাচে খেলেছেন চ্যাম্পিয়নের মতোই। এবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় বাছাই হয়ে এসেছেন রজার ফেদেরা। সবমিলিয়ে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। টানা একুশ বছর ধরে এই রড লেভার অ্যারেনাতে খেলছেন। ফলে কোর্টের প্রতি ইঞ্চি তার চেনা। স্টিভ জনসনের মতো কেউ ফেদেরাকে আটকে দেবেন, এটা বোধ হয় খোদ জনসনও ভাবেননি। খেলাতেও দেখা গেছে তার প্রতিফলন। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার ফিলিপ ক্রাইনোভিচ বা ফ্রান্সের কেন্তিন হ্যালিসের মুখোমুখি হবেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে অষ্টম বাছাই ইতালির মাত্তেও বেরেতিনি ৬-৩, ৬-১, ৬-৩ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হ্যারিসকে। এছাড়া ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে চমকে দেওয়া গ্রিগর দিমিত্রভ ৪-৬, ৬-২, ৬-০ সেটে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান লন্দেরোকে। নারী এককে জয় পেয়েছেন জাপানি তারকা, তৃতীয় বাছাই ও গতবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী নাওমি ওসাকা। এছাড়া রাশিয়ান খেলোয়াড় আনাস্তাসিয়া পোতাকোভাকে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। শীর্ষ বাছাই হিসেবে বলিভিয়ার হুগো দেলিয়েনের বিপক্ষে আজ মাঠে নামবেন রাফায়েল নাদাল। জার্মান খেলোয়াড় জ্যাঁ-লেনার্ড স্ত্রুফের বিপক্ষে লড়বেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ।

