ঢালিউডের ছবিতে বলিউডের শিল্পী
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫০
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী-পরিচালক আনু মালিকের ভাতিজা আরমান মালিক। নিজগুণে বলিউডে প্রতিষ্ঠিত তিনি। গানের তালিকায় রয়েছে বেশ কয়েকটি হিট গান। সেই ধারাবাহিকতায় এবার বলিউড থেকে ঢালিউডের ছবিতে কণ্ঠ দিলেন তিনি। ‘দেখলে তোমাকে’ শিরোনামের গানটিতে আরমানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক মুছাল। প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন আহমেদ হুমায়ূন। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে। আরমান মালিক গানটি করে বেশ উচ্ছ্বসিত বলে জানান ‘শান’ ছবির নির্মাতা। তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আরমান খুব আনন্দিত। একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাত্রা হলো তার। তিনি প্রত্যাশা করেন তার গানটি এদেশের শ্রোতারা গ্রহণ করবেন।’ শান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরী। এতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান। নির্মাতার ভাষ্য, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘শান’।

