অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক রকিবুলের
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৪
২০১০ যুব বিশ্বকাপে বাংলাদেশি হিসেবে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন কামরুল ইসলাম রাব্বী। ১০ বছর পর সেই তালিকায় নাম লেখালেন রকিবুল। তিনি স্কটল্যান্ডের বিপক্ষে ২৪তম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। তিনি ফেরান কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিতকে। এই ওভারের আগে রাকিবুল তিন ওভার করেছিলেন। ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২৪তম ওভারে বল হাতে এসে প্রথম বলে ১ রান দেন। উজাইর শাহ প্রান্ত বদল করেন। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি কেস সাজ্জাদ। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। ২১ বল খেলে ৭ রান করে ফেরেন সাজ্জাদ। চতুর্থ বলে নতুন ব্যাটসম্যান লিলে রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান। গোল্ডেন ডাক মেরে ফেরেন লিলে। পঞ্চম বলে চার্লি পিতকেও বোল্ড করেন রকিবুল। তাতে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী হিসেবে তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের এই তরুণ তুর্কি। ৩১তম ওভারে বল হাতে এসে আরো একটি উইকেট নেন তিনি। তৃতীয় বলে জেমি ক্রেইন্সকে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। এর মধ্য দিয়ে ৩০.৩ ওভারের মাথায় স্কটল্যান্ডের ইনিংসের যবনিকাপাত ঘটে। রকিবুল হাসান ৫.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন।

