নির্বাচনে উৎসবমুখর পরিবেশ রয়েছে: আইজিপি
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত উৎসবমুখর ও সুন্দর পরিবেশ বজায় রয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি একথা বলেন। জাবেদ পাটোয়ারী বলেন, প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করছি আগামী যে কয়দিন আছে, উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। সেজন্য আমাদের সবাই পরিকল্পনা নিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ বজায় রাখার জন্য। তিনি আরও বলেন, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনও ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ভোটার এবং প্রার্থীদের আস্থা অর্জনের জন্য। আমি মনে করছি এটি শেষ পর্যন্ত আমরা বজায় রাখতে পারবো।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচননের ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

