রাজস্থান উৎসবে সেরা নির্মাতা তৌকীর
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩০
গত বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’ ব্যবসায় সফল না হলেও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়ায় ছবিটি। এবার ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সববে’ পুরষ্কার ঘরে তুললো ছবিটি। এ উত্সবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা তৌকীর আহমেদ। উত্সবের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। তৌকীর আহমেদ ছাড়াও উত্সবে বাংলাদেশি পরিচালক মিজানুর রহমান লাবু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’ স্পেশাল জুরি ম্যানশন অ্যাওয়ার্ড অর্জন করে। এতে অভিনয় করার জন্য টুটুল চৌধুরী সেরা অভিনেতা হয়েছেন। তারা সশরীরে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন। এই উত্সবে আন্তর্জাতিক জুরি হিসেবে ছিলেন- ফরাসি অভিনেত্রী ও প্রযোজক মেরিয়েন বোর্গো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মডারেটর ও অভিনেতা চার্লস থমসন, বাংলাদেশি লেখক ও চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত ইরানি চলচ্চিত্র নির্মাতা হাসান নাজর।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে চলচ্চিত্রটি। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

