মমর মুখে কথা ফেরাতে সজলের চেষ্টা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪২
ধীরেন স্যারের ছাত্র অনিরুদ্ধ। এখন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন পর দেশে ফিরেই ছুটে যায় ধীরেন স্যারের পদধূলি নিতে। কারণ অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এই ধীরেন স্যার। প্রিয় ছাত্রকে পেয়ে স্যারও খুশি হন। কিন্তু স্যারের বড় মেয়ে প্রতিমা অনিরুদ্ধের সঙ্গে একটা কথাও বলে না। এ নিয়ে অনিরুদ্ধের মনে খটকা লাগে। অনিরুদ্ধ পরে জানতে পারে, একজনকে ভালোবেসে খুব আঘাত পেয়েছে প্রতিমা। তারপর থেকেই বাকরুদ্ধ সে। অনেক চিকিৎসা করেও তার মুখে কথা ফোটানো যায়নি। অথচ একসময় কী চমৎকার গানের গলা ছিল তার। প্রতিমার জন্য খুব মায়া হয় অনিরুদ্ধের। শেষ পর্যন্ত অনিরুদ্ধ কি পারবে প্রতিমার বাকশক্তি ফিরিয়ে আনতে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হারমোনিয়াম’ নামে টেলিফিল্ম। এতে ধীরেন স্যার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। অনিরুদ্ধ চরিত্রে আব্দুন নূর সজল ও প্রতিমা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এটি রচনা ও পরি চালনা করেছেন হারুন রুশো। টেলিফিল্মটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া ছেত্রী, আফরোজা হোসেন, দুখু সুমন, রাশেদ মামুন, বিপ্লব প্রসাদ প্রমুখ। সম্প্রতি এ টেলিফিল্মের শুটিং শেষ হয়েছে। নাটকটি আজ (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় মাছরাঙায় টেলিফিল্মটি প্রচারিত হবে।

