মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে মহিলা সমিতিতে নাটক
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩৬
আজ মহাকবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মদিন। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হচ্ছে প্রাঙ্গনেমোর’র ১২তম প্রযোজনা ‘মাইকেল মধুসূদন’। অপূর্ব কুমারের রচনায় নাটকটির নির্দেশনায় এবং মাইকেল চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা। এর আগে নাটকটি ‘দাঁড়াও…জন্ম যদি তব বঙ্গে’ নামে মঞ্চস্থ হয়। গত বছরের ২৯ জনু মহাকবির ১৪৬তম প্রয়াণ দিবসে ‘মাইকেল মধুসূদন’ নামে নাটকটি প্রদর্শিত হয়। এরপর থেকে এ নামে নাটকটি প্রদর্শনীর জন্য চূড়ান্ত করে নাট্যদল প্রাঙ্গনেমোর। মহাকবির জন্মদিনে প্রাঙ্গনেমোর’র ‘মাইকেল মধুসূদন’নাটকের নাম পরিবর্তনের বিষয়ে অনন্ত হিরা বলেন, ‘দাঁড়াও…জন্ম যদি তব বঙ্গে’ নামটি কঠিন মনে হলো। এ নামটি দর্শক সহজে নিতে পারছেন না। কিন্তু ‘মাইকেল মধুসূদন’ সহজে নিতে পারেন। এজন্যই মূলত নামটি পরিবর্তন করা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ। সংগীত পরিকল্পনায় রামিজ রাজু এবং আলোক পরিকল্পনায় আহমেদ সুজন। ২০১৭ সালের ২৬ জানুয়ারি ঢাকার মঞ্চে উদ্বোধন হয় নাটক ‘দাঁড়াও…জন্ম যদি তব বঙ্গে (মাইকেল মধুসূদন)’র।

