‘গাল্লিবয়’-এর নতুন গান
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩৮
‘গাল্লিবয়’ খ্যাত জুটি তবীব ও রানা মৃধা। ইতমধ্যেই প্রকাশিত হয়েছে তাদের বেশ কিছু গান। যা রীতিমত ভাইরাল। এবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে প্রকাশিত হযেছে তাদের নতুন গান। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) গানটির প্রকাশ পায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেসবুক পেইজে। এতে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয় সব শিশুর শিক্ষার প্রতি সমর্থন জানাতে বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে আবেদন জানানো হয়েছে। ইংরেজি সাবটাইটেলসহ প্রকাশ হওয়া বাংলা গানটির দুটি পঙক্তি এরকম- আজকের সব শিশু শিক্ষার আলো পেলে আগামীর পৃথিবীর ঝলমলে রূপ, অন্যথা ভুল হবে অন্যায় বেড়ে যাবে পাপীদের দাবানলে রবে নিশ্চুপ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেছেন, ‘শিক্ষার সঙ্গে প্রত্যাবাসনের কোনও বিরোধ নেই। বরং যথাযথ ভাষায় মানসম্মত ও স্বীকৃত কারিকুলামে দেওয়া শিক্ষা রোহিঙ্গা শিশুদের নিজেদের অধিকার দাবি করার মতো যোগ্য করে গড়ে তুলতে পারে। এতে তারা যে সমাজ ও অর্থনীতিতে বাস করবে তাতে অবদান রাখতে পারবে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মিয়ানমার সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী দেশটি থেকে পালিয়েছেন। এদের মধ্যে প্রায় ৫ লাখ হলেন ১৮ বছরের কম বয়সী শিশু; যারা কক্সবাজারের ক্যাম্পে দিনাতিপাত করছেন। কক্সবাজার এলাকায় প্রাথমিক স্কুলে ভর্তির হার দেশের সর্বনিম্ন ৭১ শতাংশ এবং ঝরে পড়ার হার দ্বিতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ।

