‘ডোন্ট টার্ন অ্যারাউন্ড’ পোস্টারে দীপিকা

‘ডোন্ট টার্ন অ্যারাউন্ড’ পোস্টারে দীপিকা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৪০

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দেখা গেছে হলিউডের ছবিতেও। এছাড়াও তাকে হরহামেশাই দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়।  তারই ধারাবাহিকতায় এবার তাকে দেখা গেল ফরাসি বহুজাতিক বিলাসবহুল ব্র্যান্ড লুই ভুটনের (এলভি) প্রাক-শরৎ ২০২০ পোশাকের প্রচারণায়। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ধ্রুপদি ভৌতিক গ্রন্থ ও ছবির অনুপ্রেরণায় ২৪ জনকে নিয়ে ধারাবাহিক পোস্টার সাজিয়েছে। তিনি তাদেরই একজন। এ তালিকায় আরও আছেন সোফি টার্নার, এমা রবার্টস, লেয়া সেদু, ক্লোয়ি গ্রেস মোরেৎজ, অ্যালিসিয়া ভিক্যান্ডারের মতো বিখ্যাত অভিনেত্রীরা।

বিখ্যাত ব্র্যান্ডটির প্রচারণায় বলিউডের প্রথম তারকা হিসেবে স্থান পেলেন দীপিকা। তাকে দেখা যাচ্ছে ‘ডোন্ট টার্ন অ্যারাউন্ড’ পোস্টারে। এতে সাদাকালো ছককাটা পোশাক পরেছেন তিনি। এর ওপরে শীতকালীন ধূসর ওভারকোট। পায়ে সবুজ রঙা বুট ও কোমরে ছোট একটি ব্যাগ। একটি বেঞ্চের ওপর বসে আছেন তিনি। পেছনে কাচের জানালায় রক্তচক্ষু একটি মুখ তাকিয়ে আছে তার দিকে।

ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে পোস্টারটি ছেড়েছেন দীপিকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লুই ভুটন পরিবারে যোগ দিয়ে আমি আনন্দিত। বিশ্বের অনন্য এই ব্র্যান্ডের প্রচারণা করতে পারা রোমাঞ্চকর ব্যাপার।’

দীপিকার স্বামী রণবীর সিং দেরি না করে ইনস্টাগ্রামে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘নতুন উচ্চতায়!’ ভক্তরাও হৃদয় আকৃতির ইমোজিতে সিক্ত করছেন তাকে। একজন লিখেছেন, ‘আপনার সৌন্দর্যের সীমানা নেই।’ আরেকজনের মন্তব্য, ‘অভিনন্দন দীপিকা, আপনাকে নিয়ে গর্ব হয়। এগিয়ে যান।’

কিছুদিন আগে মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ও প্রযোজিত ‘ছপাক’। সমালোচকরা এর ভূয়সী প্রশংসা করেছেন। মেঘনা গুলজার পরিচালিত ছবিটি ১০ দিনে আয় করেছে ৩২ কোটি ৪৮ লাখ রুপি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading