তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ (২৫ জানুয়ারি) দুপুরে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা আশানুরূপ হয়নি টাইগারদের। মোহাম্মদ নাঈম ও মাহেদী হাসানের পর সাজঘরে ফিরেছেন লিটন দাসও। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে সনি ইএসপিএন ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগারদের বাঁচা-মরার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ৩টায়। ব্যাট হাতে ইনিংস উদ্বোধন করতে নামেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম। প্রথম ওভারে বল হাতে মাত্র ৪ রান দেন ইমাদ ওয়াসিম। পরের ওভারে শাহিন আফ্রিদির করা দ্বিতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরে পড়েন নাঈম (০)।
এ ম্যাচে একাদশে আসা মাহেদি হাসান ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি। মোহাম্মদ হাসনাইনের বলে রিজওয়ানের দ্বিতীয় ক্যাচে পরিণত হওয়ার আগে ১২ বলে ৯ রান করেন তিনি। লিটন দাস ধীরস্থির শুরুর আশা দেখালেও শাদাব খানের লেগ বিফোরের ফাঁদে পড়ে ৮ রানের বেশি করতে পারেননি।
ক্রিজে এখন ব্যাট করছেন তামিম ইকবাল ও আফিফ হোসেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে শোয়েব মালিকের অর্ধশতকে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
পাকিস্তানের একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

