আমি মুসলমান, আমার স্ত্রী হিন্দু, আর সন্তানরা ‘হিন্দুস্তান’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৬
আজ (২৬ জানুয়ারি) ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে একটি টিভি শো’তে উপস্থিত হয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান জানালেন, তার বাড়িতে ধর্ম নিয়ে কোনো আলোচনা হয় না। আর তার সন্তানরা নিজেদের পরিচয় হিন্দু বা মুসলমান নয়, বরং ‘ইন্ডিয়ান’ বলেই উল্লেখ করেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে প্রচারিত ওই টিভি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমরা কখনো হিন্দু-মুসলমান নিয়ে আলোচনা করি না। আমার স্ত্রী হিন্দু, আমি একজন মুসলমান। আর আমাদের যে বাচ্চারা আছে, ওরা হিন্দুস্তান।’ তিনি আরও বলেন, ‘ওরা যখন প্রথম স্কুলে যায়, তখন তাদের ধর্মের নাম লেখার প্রয়োজন হয়। আমার মেয়ে তখন ছোট ছিল। একদিন সে আমার কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা আমরা কোন ধর্মের? আমি তার ফরমে সহজ কথায় লিখে দিই, আমরা ‘ইন্ডিয়ান’। এছাড়া আর কোন ধর্মের নই। আর তা হতেও চাই না।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শাহরুখ খানের বাড়িতে কারও ওপর কোনো ধর্ম চাপিয়ে দেওয়া হয় না। বরং তারা সকল ধর্মের উৎসবই পালন করে থাকেন।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর পরিবারকে সময় দেওয়ার জন্য রুপালি পর্দা থেকে কিছুকাল বিশ্রাম নেওয়ার কথা জানান তিনি। এদিকে ভক্তরা তার নতুন সিনেমার ঘোষণার জন্য মুখিয়ে আছেন। অনেক কানাঘুষা শোনা গেলেও বাস্তবে এখন পর্যন্ত কিং খানের নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

