চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ৫০

প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে আটকে পড়া যে সব বাংলাদেশি ‘দেশে ফিরতে চান’ তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার (২৭ জানুয়ারি) এ কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘এ ব্যাপারে আমরা চীন সরকারের সাথে আলোচনা শুরু করেছি।’ তিনি আরো বলেন, তাদের ফিরিয়ে আনার উপায় বের করার জন্য পররাষ্ট্র দফতর করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলে চীনা কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিকল্পনা করেছে। কারণ, সেখানে লোকজনের প্রবেশ এবং বেরিয়ে আসা বন্ধ করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, যারা দেশে ফিরতে চান তাদের তালিকা তৈরির প্রাথমিক নির্দেশনা দেয়া হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।’

ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সহায়তা প্রদানের প্রয়োজনে বেইজিংয়ের বাংলাদেশি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য ইতোমধ্যে ২৪ ঘণ্টা হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর হচ্ছে + ৮৬ ১৭৮-০১১১-৬০০৫। এই নম্বরটি চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষত শিক্ষার্থী ও গবেষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

সূত্রমতে, ভাইরাস আক্রান্ত অঞ্চল উহানে বর্তমানে প্রায় ৩শ’ থেকে ৪শ’ বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছে। চীনে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এর আগে জানিয়েছিল যে, বেইজিংয়ে বাংলাদেশি মিশন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।

চীনে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মৃতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে এবং আরো কয়েকশ’ জন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে। খবরে বলা হয়েছে, আক্রান্তদের আলাদা করে এবং ভ্রমণ বন্ধ রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading