ইভিএমে কারচুপির সুযোগ নেই: ইসি সচিব
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনোভাবে জাল ও কারচুপির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ইভিএম নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছে। তবে বিএনপির বিরোধিতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এটা (ইভিএম) ওপেন, যে কেউ এসে দেখতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আরও বলেন, নির্বাচনী কেন্দ্রগুলোতে ইভিএম দেওয়া রয়েছে, দেখতে পারেন। ইভিএম প্রদর্শনী ও মক ভোটিং রয়েছে ১ ফেব্রুয়ারির আগে। এতে কোনো জাল-জালিয়াতির সুযোগ নেই।
আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইভিএম দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান ইসি সচিব। কিন্তু যাদের নিয়ে ভোট করছেন, সেই বিএনপি তো সন্তুষ্ট না- সাংবদিকদের এমন মন্তব্যের জবাবে আলমগীর বলেন, তাদেরকে বলেছি- আপনারা দেখেন; তারা তো আসে না। ..আমরা তাদের কিভাবে আনব?
কিছু বিষয় কন্ট্রোল কষ্টকর: ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, সুনর্দিষ্টভাবে কিছু অভিযোগ পাওয়া গেছে। তাতে বড় ধরনের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এমন নয়। দুটি ঘটনা উত্তর ও দক্ষিণে রয়েছে। দুটো ঘটনাই অতর্কিতে হয়েছে। ২৪ ঘণ্টা আগে পুলিশকে না জানিয়ে পথসভা হয়েছে; এটা নিয়ে দুই দলের সঙ্গে কমিশনের কথা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না করার জন্য বলা হয়েছে। রিটার্নিং অফিসারকেও নির্দশনা দেওয়া হয়েছে। ছোটোখাটো জিনিস থেকে এসব হয়েছে।
মাইকিং, লেমিনেটেড পোস্টার নিয়ে আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে বলেও জানান তিনি। সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অনেককে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে সচল রাখার অনুরোধ: দুই সিটি করপোরেশন নির্বাচনে কিছু কিছু কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানান সচিব। তিনি বলেন, ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত যেসব প্রতিষ্ঠানে আগে থেকেই সিসি ক্যামেরা আছে, সেগুলোকে সচল রাখতে বলা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দোষীদের চিহ্নিত করা যায়। তবে কেন্দ্রগুলোর বুথে কোনোভাবেই যাতে কোনো সিসি ক্যামেরা না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

