অস্ত্র মামলায় জি কে শামীমের বিচার শুরু

অস্ত্র মামলায় জি কে শামীমের বিচার শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৯

অস্ত্র আইনে দায়ের মামলায় কথিত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো তাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর আসামি হলেন— মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

আদালত সূত্র জানায়, এদিন জি কে শামীম ও তার সাত সহযোগী জামিন ও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন ও অব্যাহতির আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিদের আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সকালে গুলশান নিকেতনের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় জি কে শামীমের অফিসে অভিযান শুরু করে র‌্যাব। পরে দুপুর ১২টার দিকে একই রোডের তার বাসায় (১৪৪ নম্বর হোল্ডিং) অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানেই অবস্থান করছিলেন জি জে শামীম। এ সময় তার সঙ্গে থাকা সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ নগদ ২ কোটি টাকা জব্দ করা হয়। শামীমের কাছে অস্ত্রও পায় র‌্যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading