তিন ঘণ্টা ট্রেন আটকে রাখল জনতা

তিন ঘণ্টা ট্রেন আটকে রাখল জনতা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩২

জামালপুরের নরুন্দি রেলস্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় মানববন্ধনে অংশ নেয়া উত্তেজিত জনতা প্রায় তিন ঘণ্টা ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখে। নরুন্দি সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নরুন্দি রেলস্টেশনে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি নরুন্দি রেলস্টেশনে এলে অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ট্রেনটি আটকে রাখে। এ সময় এ রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ওসব ট্রেনের নারী ও শিশুসহ শত শত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান নরুন্দি রেলস্টেশনে উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর মোর্শেদ, নরুন্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজ্জামেল হক ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে নরুন্দি রেলস্টেশনে রেলওয়ের অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা রয়েছে। তারপরও এই স্টেশনে শুধুমাত্র লোকাল কয়েকটি ট্রেন ছাড়া আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন জামালপুরের নরুন্দিসহ পাঁচ ইউনিয়ন ও পার্শ্ববর্তী শেরপুরের নকলা উপজেলার বাসিন্দারা। নরুন্দি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র যোগাযোগের বাহন হিসেবে ট্রেনকে বেছে নেয়া হয়। এরপরও এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading