আবারও স্ত্রীর গল্পে অপূর্ব
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:০৬
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের স্ত্রী নাজিয়া হাসান অদিতি। অপূর্বের স্ত্রী হ্ওয়ার পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে। আর সেটি হচ্ছে, তিনি একজন গল্পকারও। ইতমধ্যেই তার গল্পে নির্মিত হয়েছে একটি নাটক। যাতে অভিনয় করেছেন স্বামী অপূর্ব। এবার আবারও তার গল্পে অভিনয় করছেন অপূর্ব। নাটকের নাম ‘চারুর বিয়ে’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। ‘চারুর বিয়ে’র গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘এটা মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটি বদলের মধ্য দিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাক ভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষই এর সঙ্গে যুক্ত আছে। এমনকি ভাবি (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। আশা করি, দারুণ কিছুই হতে যাচ্ছে।’ ‘চারুর বিয়ে’ নাটকে আরও আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী ১৪ ফেব্রুয়ারি ‘চারুর বিয়ে’ নাটকটি উন্মুক্ত করা হবে।

