৬ ফেব্রুয়ারি সফটওয়্যার ও সেবাপণ্যের মেলা

৬ ফেব্রুয়ারি সফটওয়্যার ও সেবাপণ্যের মেলা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৪

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে শুরু হচ্ছে সফটওয়্যার ও সেবাপণ্যের মেলা। চার দিনব্যাপী এ মেলাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। ট্রান্সফরমিং লাইফ থ্রু ইনোভেশন প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাওয়া এই মেলাকে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী হিসেবে দাবি করা হচ্ছে। বেসিস সফটএক্সপো-২০২০ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কাওরান বাজারে বেসিস অফিসে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। তিনি বলেন, বিশেষ অতিথি হিসেবে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। সৈয়দ আলমাস কবীর আরও বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য। মেলার আহ্বায়ক ও বেসিস’র সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বলেন, প্রদর্শনী এলাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং এক্সপেরিয়েন্স জোন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। রয়েছে ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন, ফিনটেক জোন, উইমেন জোন এবং বরাবরের মতো রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন। থাকবে ৩০টির বেশি সেমিনার। শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ তাতে বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসিস সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে বিটুবি সেশন সম্পন্ন করা প্রতিষ্ঠানের মধ্য থেকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে বেসিস টপ টেন ডিজিটাল-রেডি কোম্পানির সম্মাননা দেওয়া হবে। এছাড়া রয়েছে আরও অনেক আয়োজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading