শেষ আটে রিয়াল
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩৪
রিয়াল জারাগোজাকে তাদেরই মাঠে উড়িয়ে কোপা দেল রের শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে জিতে জিনেদিন জিদানের দল। দুই অর্ধে দুটি করে গোল করে তারা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভারানে। ৩২তম মিনিটে ক্রুসের পাস পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। ৭২তম মিনিটে হামেস রদ্রিগেসের থ্রু পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। সাত মিনিট পর কাছ থেকে বাঁ পায়ের শটে বড় জয় নিশ্চিত করেন করিম বেনজেমা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২০ ম্যাচে অপরাজিত রইল রিয়াল।

