তাহসানের গানে তিশা
উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৩০
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে প্রায়ই দেখা যায় মিউজিক ভিডিওতে। তারই ধারাবাহিকতায় এবার সংগীতশিল্পী তাহসানের গানের মডেল হলেন তিনি। ‘স্মৃতির ফানুস’ শিরোনামে গানটি যৌথভাবে গেয়েছেন তাহসান ও সুস্মিতা আনিস। গানটির কথা লিখেছেন তাহসান খান ও মেহেদী হাসান লেমন। সুর করেছেন তাহসান। সংগীতায়োজন করেছেন মেনন খান। আর এ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন নাহিয়ান আহমেদ। গত দু’দিন কক্সবাজারের বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন তানজিন তিশা।
তিশা বলেন, ‘গানটি খুব সুন্দর। আমার প্রতিটি মিউজিক ভিডিওতে এক্সক্লুসিভ কিছু রাখার চেষ্টা করি। গতানুগতিক মিউজিক ভিডিওতে কাজ করি না। কিছুটা হলেও ব্যতিক্রম হয়। এ গানের মিউজিক ভিডিও ব্যতিক্রমই হচ্ছে। আশা করছি, আমার অন্য মিউজিক ভিডিওর মতো এটিও সবার ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

