নয়াপল্টনে সংঘর্ষ
উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪০
ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নয়াপল্টনে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে ছিল বিএনপির নেতা-কর্মীরা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল পশ্চিম দিক (পল্টনের দিক) থেকে এগিয়ে এলে শুরু হয় উত্তেজনা।
আওয়ামী লীগের মিছিল দেখে বিএনপিকর্মীরা ‘ভোট চোর’ স্লোগান তুললে দুই পক্ষের ধাওয়া-ধাওয়া শুরু হয়। দুই পক্ষ পরস্পরের দিকে ইট ছুড়তে থাকে এসময়। এক পর্যায়ে পুলিশ এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।
এদিকে বাইরে সংঘর্ষের মধ্যে বিএনপি কার্যালয়ের ভেতরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় বিএনপির অফিসের সামনে বিএনপিরকর্মীদের মুখোমুখি হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র থেকে তাদের দলীয় কার্যালয়ের জড়ো হচ্ছিল। এক পর্যায়ে তারা মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সংঘর্ষের কারণে প্রায় আধা ঘণ্টা নয়াপল্টনের সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। পুলিশের সাঁজোয়া যান সেখানে টহল দিচ্ছে।

