জিকে শামীমের ৪ দেহরক্ষীর জামিন নয়: হাইকোর্ট
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১৫
অস্ত্র আইন ও অর্থ পাচারের দুই মামলায় গ্রেপ্তার আলোচিত ঠিকাদার জি কে শামীমের দেহরক্ষীদের মধ্যে চারজনকে জামিন না দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেয়। কেন তাদের জামিন দেওয়া হবে না তা সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। জামিন আবেদনকারী চার দেহরক্ষী হলেন- মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন ও সামসাদ হোসেন।
তাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী শামীম সরদার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
পরে খুরশীদ আলম বলেন, এটা একটা সম্মিলিত ক্রাইম, অর্থ পাচারের মামলাটি তদন্তাধীন। এদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এখন জামিন হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এই যুক্তি দেওয়ার পর আদালত জামিন না দিয়ে জামিন প্রশ্নে রুল জারি করে।
গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর না করলে তারা হাই কোর্টে এসে জামিন আবেদন করেন। এজাহারে এই চার আসামির বিরুদ্ধে জিকে শামীমের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং জুয়ার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। মামলার বাকি আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম।

