সাংবাদকর্মীকে মারধরের মামলায় এনু-রুপনের জামিন
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১৫
বেসরকারি টেলিভিশন ডিবিসির এক সংবাদকর্মীকে মারধরের ঘটনায় জামিন পেয়েছেন ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন তাদের আদালতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত জামিন দেন।
এই মামলায় গত ২১ জানুয়ারি গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূর আলম। গত ২৬ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল আদালত। রিমান্ড শুনানির জন্য সোমবার এনু-রুপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী রাজীব সরকার রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচশ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ডিবিসির আদালত প্রতিবেদক ও মামলার বাদী নাসির উদ্দিন ওরফে লিটন মাহমুদ বলেন, আমাদের টেলিভিশন কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ায় আমরা আদালতে একটি হলফনামা দিয়ে বলেছি যে, জামিনে গেলে আমাদের কোনো আপত্তি নেই। আইনজীবী রাজীব জানিয়েছেন, দুই ভাইয়ের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকায় আপাতত তারা মুক্তি পাচ্ছেন না।

