বইমেলায় তৌকিরের প্রথম বই
উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪৮
শুরু হয়ে গেছে ভাষার মাস। আর এই ভাষার মাসেই শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। আর এবার এই বই মেলায় প্রকাশ পেতে যাচ্ছে নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের প্রথম কবিতার বই। যার নাম ‘একগুচ্ছ কবিতা’। এ প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, ‘বইটি নিয়ে এখনই বিস্তারিত বলব না। এতে কয়টি কবিতা আছে, কবিতাগুলোতে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছি আমি চাই পাঠকরা বইটি পড়েই সব জানুক। আগামী সপ্তাহে মেলাতে পাওয়া যাবে বইটি। এটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।’ বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌকিরের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াত।
এর আগে ২০১২ সালে প্রকাশিত হয় তৌকির আহমেদের বই ‘প্রতিসরণ’। এটি মঞ্চে ২০০তম প্রদর্শনীর পর বই আকারে প্রকাশিত হয়। এছাড়া ২০১৩ সালে প্রকাশিত হয় ‘ইচ্ছেমৃত্যু’ এবং ২০১৫ সালে সবশেষ বের হয় ‘অজ্ঞাতনামা’। এটি থেকে পরবর্তী সময়ে সিনেমা নির্মাণ করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

