কাজটি মন্দ হয়নি: সব্যসাচী
উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০
আগামীকাল (৭ ফেব্রুয়ারি) সারাদেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফাখরুল আরেফিন খান পরিচালিত ছবি ‘গণ্ডি’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। মুক্তি উপলক্ষে গতকাল রাতে রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির প্রিমিয়ার। প্রিমিয়ার শোতে অংশ নিয়েছেন ছবিটির অভিনয়শিল্পীসহ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, ফেরদৌসি মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, আফসানা মিমি, দীপা খন্দকারসহ এক ঝাঁক তারকা।
প্রিমিয়ার শেষে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘ছবিটির গল্পটায় ভিন্নতা আছে। প্রথমেই বাংলাদেশে এই ধরনের একটা ছবিতে সুবর্ণা মুস্তাফার মতো মেধাবী অভিনয়শিল্পী সঙ্গে অভিনয় করব ভাবিনি। এখন মনে হচ্ছে, কাজটি মন্দ হয়নি। এখন এর বিচার করবে দর্শক।’
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সিনেমাটির গল্পটি অ্যাডাল্ট তবে সব বয়সের দর্শক একসঙ্গে বসে দেখতে পারবেন। গল্পটি ভীষণ ভালো বলেই এই ছবিটি অভিনয়ের জন্য রাজি হয়েছিলাম। ছবির গল্প শোনার আগে নির্মাতাকে আমি চিনতাম না। সিনেমাটি মানুষের মনের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আনবে। আগামী ৭ ফেব্রুয়ারি ‘গণ্ডি’ বাংলাদেশে মুক্তি পাবে। সবাইকে প্রেক্ষাগৃহে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ। আমার বিশ্বাস এটি সবার খুব ভালো লাগবে। অ্যাডাল্ট গল্প তবু সব বয়সের দর্শকের সিনেমা গণ্ডি।’

