ঘরের মাঠে হেরে রিয়ালের বিদায়
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১৪ঃ২৩
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে সান্তিয়াগো বের্নাবেউয়ের কাছে ৪-৩ গোলে হারল রিয়াল মাদ্রিদ।
২২তম মিনিটে রিয়ালের প্রথম গোল হজমে দায় আছে একাদশে সুযোগ পাওয়া গোলরক্ষক আলফুঁস আরিওলার। পাল্টা আক্রমণে আলেকসান্দার ইসাকের শট ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ফরাসি এই ফুটবলার। মার্তিন ওদেগার্দের ফিরতি শটে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়। বিরতির পরপরই রিয়ালের জালে আবার বল জড়ান ইসাক। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। ৫৪তম মিনিটে আর ইসাককে রুখতে পারেনি রিয়াল। দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিট পর প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগে আরও এক গোল করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন সুইডেনের এই ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে ব্যবধান কমান মার্সেলো। ব্রাহিম দিয়াসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ১০ মিনিট পর ইসাকের ডিফেন্স চেরা পাস পেয়ে বাঁ পায়ের শটে আবার ব্যবধান বাড়ান মিকেল মেরিনো। ৭৯তম মিনিটে সোসিয়াদের জালে বল পাঠান ভিনিসিউস জুনিয়র। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। দুই মিনিট পর ভিনিসিউসের পাস থেকে ব্যবধান কমান বদলি নামা রদ্রিগো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করিম বেনজেমার পাস থেকে হেডে লক্ষ্যভেদ করে নাটকীয়তার ইঙ্গিত দেন নাচো ফের্নান্দেস। দুই মিনিট পর আন্দোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। শেষ সময়ে মরিয়া চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

