সার্সকেও ছাড়িয়ে করোনাভাইরাসঃ মৃত্যুতে ৮১৩

সার্সকেও ছাড়িয়ে করোনাভাইরাসঃ মৃত্যুতে ৮১৩

উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১২ঃ৫০

উহান থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০০২-০৩ সালে সার্সের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। কেবল শনিবারই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। ছয় সপ্তাহ আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। গতকাল শনিবার চীনের মূল ভূখণ্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন। নতুন করোনাভাইরাসের প্রদুর্ভাব শুরুর পর এই প্রথম চীনাদের বাইরে কারও মৃত্যু হল।

২০০২-০৩ সালে করোনাভাইরাস পরিবারের আরেক সদস্য সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) মৃত্যু হয়েছিল সব মিলিয়ে ৭৭৪ জনের। সার্স সে সময় ছড়িয়ে পড়েছিল বিশ্বের দুই ডজন দেশে; আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০ জনের কাছাকাছি। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবারের করোনাভাইরাস ফেব্রুয়ারির শুরুতেই সার্সকে ছাড়িয়ে গিয়েছিল। রোববার সকাল পর্যন্ত কেবল চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৯৮ জনে। রয়টার্স লিখেছে, শনিবার নতুন করে ২ হাজার ৬৫৬ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সংখ্যা আগের কয়েক দিনের চেয়ে কম। তবে করোনাভাইরাসের প্রদুর্ভাব সর্বোচ্চ পর্যায় পেরিয়ে এসেছে কি না- সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না বলেই মনে করছেন মিশিগান ইউনিভার্সিটির এপিডেমিওলজির অধ্যাপক জোসেফ আইসেনবার্গ।
গতবছরের শেষ দিন চীনের উহান থেকে নতুন করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো কেউ ‘চীনা ভাইরাস’, আবার কেউ ‘উহান ভাইরাস’ হিসেবে একে বর্ণনা করছিল। ভাইরাসের নামের সঙ্গে দেশ বা এলাকার নাম থাকলে বিদ্বেষ ছড়াতে পারে-এই বিবেচনায় দ্রুত একটি অন্তর্বর্তীকালীন নাম ঠিক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথামকিভাবে বলা শুরু হয় নভেল, অর্থাৎ নতুন করোনাভাইরাস, সংক্ষেপে ২০১৯-এনসিওভি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার আরেকটি অন্তর্বর্তীকালীন নাম ঠিক করেছে প্রাণঘাতী এই ভাইরাসের জন্য। এ ভাইরাস সংক্রমণের উপসর্গগুলো নিউমোনিয়ার মত বলে এর চীনা নাম হয়েছে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া, সংক্ষেপে- এনসিপি ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading