রাওয়ালপিন্ডি থেকে দলের একাংশ ফিরছে আজ
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২৮
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিনটি টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। একদিন আগে টেস্ট শেষ হওয়ায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আগে-ভাগে দেশের পথে রওয়ানা হয়েছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।
তবে পুরো দল একসঙ্গে ফিরছেন না। হারের গ্লানি নিয়ে ১২ জনের একটি বহর মঙ্গলবার বিকাল ৪ টা ৪০ মিনিটের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। বাকিরা বুধবার দেশে ফিরবেন। এদিকে রাওয়ালপিন্ডিতে এভাবে টেস্ট হেরে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘খেলোয়াড়দের অভিজ্ঞতা আছে। কিন্তু মাঠে পারফর্ম করতে পারছে না। আমরা আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। লংগার ভার্সন ক্রিকেটে আরও মনোযাগ দিয়ে ক্রিকেটারদের খেলতে হবে।’

