রেলের জমি থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৫২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের রেলের জমি থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো এই উচ্ছেদ অভিযান চলছে। অভিযানে থানা পুলিশ, ডিবি পুলিশ ও জিআরপি পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে মোতায়েন আছে। গতকাল বুধবারে (১২ ফেব্রুয়ারি) এক বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো শুরু হলেও দ্বিতীয় দিনে আরো দুই বুলডোজার আনা হয়েছে।
বুধবারে চলা অভিযানে শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারস্থ পূর্ব কলোনি, রেলওয়ে পার্কিং, বটতলা, প্লাটফর্ম থেকে শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জে রেলওয়ের প্রায় ৫০০ কোটি টাকার জায়গায় প্রায় ১৭০০ অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় লোকজন দখল করে রেখেছে। এগুলো উদ্ধার করতে অভিযান চলবে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার-ঢাকা নজরুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. শাহ আজিজ, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেনসহ প্রমুখরা উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারকি করছেন।

