মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয়
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০
এবারে বাহুবলীখ্যাত চিত্রনির্মাতা এস এস রাজামৌলি নিজেরই গড়া রেকর্ড নিজেই ভাঙলেন। তারই পরবর্তী সিনেমা ‘আরআরআর’ মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় করে ছাড়িয়ে গেছে বাহুবলী ২র প্রারম্ভিক আয়ের রেকর্ড। সিনেমাটি মুক্তি পেতে এখনও ১১ মাস বাকি।
ছবির গল্পে দেখা যাবে, সিনেমায় ২ তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে। তথ্য মতে, মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে ৩০০ কোটি বাজেটের এই সিনেমা। আর এরমধ্য দিয়েই বাহুবলী: দ্য কনক্লুশনর রেকর্ড ভেঙে দিল সিনেমাটি। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যে দারুণ আগ্রহ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক টুইট বার্তায় জানান, ‘আরআরআর’ মুক্তির আগেই দক্ষিণ ভারতসহ বিদেশের বাজার মিলিয়ে ৪০০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে।
এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এছাড়াও আছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেকে।
এদিকে ইন্ডিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেলেঙ্গানাতে এই সিনেমার স্বত্ত্ব বিক্রি হয়েছে ২১৫ কোটি রুপিতে, কর্নাটকে ৫০ কোটি এবং কেরালায় ১৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। তামিলনাড়তে স্বত্ত্ব কত কোটিতে বিক্রি হয়েছে এখনো জানা যায়নি।
ছবিটি ২০২১ সালের ৮ জানুয়ারি মুক্তি পাবে।

