ক্লার্ক-কাইলি দম্পতির বিচ্ছেদ!
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০
বিয়ের আট বছর পর আলাদা হয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার স্ত্রী কাইলি। আনুষ্ঠানিকভাবে তারা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্লার্ক ও কাইলি। ২০১৫ সালে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান কেলসি লি। শোনা যাচ্ছে, গত পাঁচ মাস ধরেই আলাদা থাকছিলেন ক্লার্ক ও কাইলি। এ বারে দু’জনেই সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন। কন্যার দায়িত্ব নিয়েছেন দু’জনেই।
এক যৌথ বিবৃতিতে ক্লার্ক দম্পতি লিখেছেন, কিছুদিন আলাদা থাকার পর আমরা বিবাহ বিচ্ছেদের কঠিন সিদ্ধান্তে এসে পৌঁছেছি। দু’জনেই একমত যে, এটাই আমাদের পক্ষে সেরা সিদ্ধান্ত। তবে দু’জনেই মেয়েকে বড় করার ব্যাপারে একমত থাকছি।’
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের মতে, এই বিচ্ছেদের মূল্য প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪১ কোটি টাকা। ক্লার্কের নেতৃত্বে ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে, ৩৪ টি-টোয়েন্টিতে মোট ১৭ হাজার রান করেছেন ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্লার্ক।

