টেস্ট দলে নেই মাহমুদউল্লাহ

টেস্ট দলে নেই মাহমুদউল্লাহ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

শঙ্কায় পড়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে রাখা হচ্ছে না তাকে। নিকট ভবিষ্যতে তাকে সাদা পোশাকে দেখা যাবে না বলেই টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত। এরইমধ্যে বিষয়টি নিয়ে জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো কথা বলেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে। সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দেয়ার জন্য এ মিডলঅর্ডার ব্যাটসম্যানকে পরামর্শ দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির এক সদস্য। তিনি বলেন, আমরা ডোমিঙ্গোকে রিয়াদের সঙ্গে কথা বলতে বলেছিলাম। এরই মধ্যে দুজনের আলোচনা হয়েছে। টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে এ ক্রিকেটারকে ভাবার পরামর্শ দিয়েছেন কোচ। আমাদের ইচ্ছা, সংক্ষিপ্ত সংস্করণের দিকে মন দিক সে।

এ মাসের ২২ তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি। পরে তাদের সঙ্গে ৩টি ওয়ানডে, ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। রঙিন পোশাকে মাহমুদউল্লাহকে দেখা গেলেও নিকটতম সময়ে সাদা পোশাকে তার আবির্ভাবের সম্ভাবনা ক্ষীণ।

ব্যাট হাতে টেস্টে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিজ্ঞ এ ক্রিকেটারের। সবশেষ ১০ ইনিংসে মাত্র একটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে। সেটিও প্রায় একবছর আগে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২০১৯ সালের মার্চে এ ইনিংসটি খেলেন তিনি। এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪টি শতকে করেছেন ২৭৬৪ রান। ১৬টি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading