স্বপ্নের ঠিকানা রিসোর্টে সালমান শাহ ভাস্কর্য
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০
গাজীপুরের ‘স্বপ্নের ঠিকানা’ নামের একটি রিসোর্টে উন্মোচতি হয়েছে ৯০ দশকের জনপ্রিয় সালমান শাহর ভাস্কর্য। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের উলুখোলা থানার বীরতুল উত্তরপাড়ায় অবস্থিত এ রিসোর্টে সালমানের ভাস্কর্যের উন্মোচন হলো। তখণ সেখানে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’- এর নির্মাতা সোহানুর রহমান সোহান। আরও ছিলেন সালমানের ‘সুজন সখী’ সিনেমার পরিচালক শাহ আলম কিরণ, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক শিল্পী চক্রবর্তী।
‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টের প্রতিষ্ঠাতা রাশেদ খানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহীলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তারা সবাই এই রিসোর্টের মাধ্যমে সালমান শাহ’র প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর প্রচেষ্টার জন্য রাশেদ খানকে অভিনন্দিত করেন।
রাশেদ খান ‘স্বপ্নের ঠিকানা’ নিয়ে বলেন, ‘সালমান শাহ আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের মানুষ। তার জন্য কিছু করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আশা করি সালমান ভক্তরা এখানে ঘুরতে আসবেন। সালমান শাহকে যারা ভালোবাসেন তাদের আমি অন্তর থেকে স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি এই রিসোর্ট বানাননি। তবে কেউ শুটিং বা পিকনিকের জন্য চাইলে সুলভমূল্যে এটি ভাড়া নিতে পারবেন। এখানে দুটি দৃষ্টিনন্দন বাড়ি, নান্দনিক লোকেশনের ব্যবস্থা আছে। পাশাপাশি শিশুদের জন্যও আছে বিনোদনের নানা ব্যবস্থা।

