সাকিবের আবেগী স্ট্যাটাস
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৫
আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।
গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন এই টাইগার অলরাউন্ডার। সেখানে তিনি তার স্ত্রী ও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে উল্লেখ করে পরিবারকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি সংযুক্ত স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ।
জীবন সঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

