খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৫০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা সরকারকে বিব্রত করছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) বৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্যারোল আবেদন না করে বিএনপি নেতারা নাটক করছেন। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ করবো আপনারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আপনারা সরকারকে বিব্ররতকর অবস্থায় ফেলার জন্য প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, আপানার যদি মনে করেন বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার দরকার আছে। তাহলে আপানার প্যারোলে মুক্তির আবেদন করেন, যা আইন সিদ্ধ। তাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না, টেলিভিশনে বক্তব্য দিয়ে নোংরা রাজনীতি করবেন এটা দেশবাসী দেখতে চায় না।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের অবাক লাগে, বিএনপি রাজনীতি করছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আমরা বারবার বলেছিলাম খালেদা জিয়ার এতিমের অর্থ আত্মসাতের মামলা এটা, আওয়ামী লীগ সরকার এই মামলা করেনি। এটা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা হয়েছিল, যা আদালতে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণিত। খালেদা জিয়া অসুস্থ, আমরা মনে করি একটি দলের শীর্ষ নেত্রী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে কারা বিধান অনুযায়ী চিকিৎসা পাওয়ার সুযোগ আছে। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দুটি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। ওনারা সেটা করেননি।
ডুসাক সভাপাতি নাজমুল হোসাইন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, সাংবাদিক আহমেদ পিপুল, ডুসাকের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

