বাচসাসের পরিবার দিবস উদযাপিত
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১৮
উদযাপিত হয়ে গেল চলচ্চিত্র সাংবাদিকদের সম্মিলিত সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বাৎসরিক পরিবার দিবস। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুরের হোতাপাড়ার খতীব খাবার বাড়ি রিসোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বাচসাসের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজাঙ্গনের অনেক সেলিব্রেটি।
এ প্রসঙ্গে অনুষ্ঠানে বাচসাসের সভাপতি ফাল্গুনী হামিদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম পরিবার দিবস। চেষ্টা করেছি সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। সমিতির সদস্যরা সবাই আমরা এক পরিবার। চমৎকার সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।
সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গৌরবের ৫২ বছরে পা দিয়েছে। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বাচসাসের পরিবার দিবস সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাহী সদস্য লিটন এরশাদ, ইব্রাহিম খলিল খোকন, সহসভাপতি বাদল আহমেদ ও সৈকত সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল, দপ্তর সম্পাদক নিপু বড়ুয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন। আরও ছিলেন সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন, নির্বাহী সদস্য অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, ইরানী বিশ্বাস ও লিটন রহমান।

