পর্দার অন্তরালে কিছু নেই: কাদের

পর্দার অন্তরালে কিছু নেই: কাদের

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১০

দুর্নীতির মামলায় সাজা নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে কথা বলেন।

এরপর রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, খালেদা জিয়ার বিষয়টি হচ্ছে আদালতের এখতিয়ার। এটি কোনো রাজনৈতিক মামলা নয়। বিনা বিচারে তো ডিটেনশনে দেওয়া হয়নি। দুর্নীতির মামলা আদালতের এখতিয়ার। মানবিক বিবেচনা করতে পারে একমাত্র আদালত।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে ‘পর্দার অন্তরালে’ বিএনপির সাথে কোনো সমঝোতা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পর্দার অন্তরালে কিছুই নেই। সবকিছু ওপেন সিক্রেট। কোনোটারই সিক্রেসি থাকবে না, সিক্রেসির কালচার নেই। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এই যে দেখুন, কালকে একটা টকশোতে শুনলাম, মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলতেই পারেন। তার মুক্তির ব্যাপারে আলাপ করতে পারেন এবং প্রধানমন্ত্রীকে আমি জানাব- এটা স্বাভাবিক। এটি রাজনৈতিক শালিনতার বিরোধী নয়। এখানে গোপনীয়তার কী আছে? মির্জা ফকরুল আবেদন করতেই পারেন। তিনি বলেছেন- প্রধানমন্ত্রীকে জানানোর জন্য। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, অবহিত করেছি। মানবিক কারণে মুক্তি চান, মুক্তি চাইবেন এটাই স্বাভাবিক। তার কোনো গোপনীয়তা নেই যে ফাঁস করে দিয়ে অন্যায় করেছি।

প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, না আমাকে কিছু বলেননি।

খালেদার প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্যারোল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এখনও লিখিত এ আবেদন পাননি। আবেদন করলে মুক্তি দেওয়া হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, তিনি করুন আগে, প্যারোলের নিয়ম আছে একটি যুক্তিযুক্ত কারণে মুক্তি পায়। যুক্তিযুক্ত কিনা তা তো বিবেচনা করতে হয়।

মহিউদ্দিন-নাসির বলয় ভাঙ্গার জন্য আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এম রেজাউল করিমকে নৌকার প্রার্থী করা হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে কোনো বলয়ের বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে- আমরা চেইঞ্জ করেছি। প্রার্থীর গ্রহণযোগ্যতা বিবেচনা করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার খুবই ক্লিন ইমেজ। সে কারণে মনোনয়ন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশনকে বলব ব্যাপারটি তদন্ত করে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading