অভয়নগরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৫
যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। স্থাপনা সরাতে রেল কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই অভিযান শুরু হয়। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেল কর্তৃপক্ষ অবৈধ স্থাপনাকারীদের দুই দফা সময় দিয়ে ব্যাপক মাইকিং করে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গত রবিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে স্থাপনা না সরানোর কারণে নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে নূরবাগ রেলগেট এলাকা পর্যন্ত, বেঙ্গলগেট এলাকা, গরু হাটা এলাকার প্রায় পাঁচ শতাধিক দোকানপাট, বসতঘর, হোটেল-রেঁস্তোরাসহ নানাবিধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের ব্যাপারে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান বলেন, রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করে সরকারের রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন, উচ্ছেদ অভিযান অব্যাহত রেখে রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করা হবে।

