কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে নিহত ২, আহত ৩
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:০৯
কুষ্টিয়ায় দৌলতপুর ও সদর উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় তিন জন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে ও বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা এলাকায় বজ্রপাতে হতাহত হয়।
নিহতরা- দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) ও সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু)।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত হলে আরোজ আলী গুরুতর আহত হন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এসে আরোজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রওশন আলীসহ চারজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আহত তিনজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতের নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
ইউডি/রেজা

