ফ্রান্সে জোড়া অ্যাওয়ার্ড জিতল ‘শনিবার বিকেল’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০
ফ্রান্সে অনুষ্ঠিত ২৬তম ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দুটি পুরস্কার জিতেছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’। ফিচার কম্পিটিশনে বিভিন্ন দেশের ৯টি সিনেমার জন্য লড়াই করে নেটপ্যাক জুরি প্রাইজ এবং হাই স্কুল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এই ছবিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে পুরস্কার জয়ের জন্য ছবির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আরও বলেন, ‘আমরা উপস্থিত থাকতে না পারলেও আমাদের হৃদয় সেখানে ছিল।’
২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। বাংলাদেশ-ভারত-জার্মানি এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ,নাদের চৌধুরী, ইরেশ যাকের, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনি তারকা অভিনেতা ইয়াদ হুরানিসহ আরও অনেক প্রিয় মুখ।

