রহস্যে ভরা ট্রেলার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১০
আগামী ২৮ ফেব্রুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রফিক সিকদারের নতুন ছবি ‘হৃদয় জুড়ে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সরকার। মুক্তি উপলক্ষে কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে এর স্থির ছবি। যা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এবার সেই আগ্রহ দিগুণ করতে সামনে আসল ট্রেলার। রহস্যে ভরা সাড়ে ৩ মিনিটের এই ট্রেলারে রয়েছে প্রেম, রোমান্স ও অ্যাকশন। যাতে দেখা যায়, চিত্রনায়ক নিরবকে ধাওয়া করছে সাইফ চন্দন। তিনি দৌড়ে গিয়ে হঠাৎ থমকে যায়। তার মুখোমুখি পিস্তল তাক করে দাড়িয়ে আছে কোনো একজন। কিছুক্ষণ পরেই দেখা যায়, একজন নারীকে ধর্ষণের শিকার হতে। আর ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনে নামে জনগণ। এরপর দেখা যায়, সোনালী হত্যার বিচারের দাবিতে নিরবের ফাঁসি চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জেলখানায় বন্দী নিরব। ফাঁসির জন্য তাকে গোসল করানো হচ্ছে, অন্যদিকে চলছে প্রিয়াংকার বিয়ের প্রস্তুতি।
ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক সিকদার নিজেই। এতে আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজসহ অনেকে। ছবির কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজি।

