কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৩২
কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে দখলকৃত দোকান-পাটসহ সবধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের প্রাণকেন্দ্র কুড়িগ্রাম-চিলমারী সড়কের ঘোষপাড়া এলাকায় প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু করে পাউবো।
অভিযান পরিচালনাকালে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিশ্বাস চাকমা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও রৌমারী উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় ৫৩ কিলোমিটার তীররক্ষা বাঁধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এসব এলাকায় পাউবোর জমিতে যেকোনো ধরণের অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে বাঁধগুলো সংস্কার করা হবে।

