যেসব রেকর্ড হাতছাড়া লিভারপুলের
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪০
চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুলকে মাটিতে টেনে নামাল পুঁচকে ওয়াটফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের প্রথম হারের স্বাদ দিল নিচের সারির দলটি। ঘরের মাঠে লিভারপুলকে শুধু হারানো নয়, একেবারে ৩-০ গোলে বিধ্বস্তই করেছে ওয়াটফোর্ড। লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি তিনটি গোলই হজম করে দ্বিতীয়ার্ধে। আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির ২০১৭ সালে গড়া লিগে টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছিল লিভারপুল। ওয়াটফোর্ডের মাঠে জিতে রেকর্ডটি একার করে নেওয়ার সুযোগ ছিল ‘অলরেড’ খ্যাত দলটির সামনে। এ ম্যাচ জিতলে আরেকটি রেকর্ডও স্পর্শ করতে পারত লিভারপুল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসেবে ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত বায়ার্ন মিউনিখের টানা ১৯ ম্যাচে জয়ের রেকর্ড ছুঁতে পারত তারা।
চলতি লিগে অপরাজিত থাকার আনন্দও শেষ হলো লিভারপুলের। ২৮তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পাওয়া দলটি ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

