এবার হলিউডে নামে লেখালেন হৃতিক
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৩
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। স্বল্পবিরতির পর গত বছর মুক্তি পায় তার অভিনীত ছবি ‘সুপার ৩০’। যা জন্য সদ্যই দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এবার বলিউড থেকে হলিউডে নাম লেখালেন হৃতিক রোশন। সম্প্রতি আমেরিকার খ্যাতনামা প্রযোজনা সংস্থা ‘গার্স’ এর চুক্তিপত্রে সই করে সবুজ সংকেত দিয়েছেন এই বলিউড ‘গ্রিক গড’।
‘গার্স’র সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে হলিউড থেকে এরকাধিক ছবির প্রস্তাব পেতে পারেন হৃতিক, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ভারতের ম্যানেজার অমৃতা সেন। হলিউডের এই প্রযোজনা সংস্থায় হৃতিকের চুক্তি প্রসঙ্গে জানা গেছে, এই এজেন্সির মাধ্যমেই হলিউড প্রযোজক, পরিচালকদের কাছে হৃতিকের কর্মদক্ষতার কথা তুলে ধরা হবে। এছাড়া ভারতে যেন বেশ কিছু হলিউড ছবি কিংবা সিরিজের শুটিং হতে পারে, সেই ব্যবস্থাও করা হবে।
বিগত ২০ বছরের ক্যারিয়ারে হৃতিক রোশন একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। বক্স অফিসে মুখ থুবড়েও পড়েছে তার বেশ কিছু ছবি। ব্যক্তিগত জীবনেও সুজানের সঙ্গে বিচ্ছেদ, এবং বড় বোন সুনয়নাকে নিয়ে পারিবারিক সমস্যা নানা ঝামেলায় জড়িয়েছেন। কিন্তু গত বছর ‘ওয়ার’ এবং ‘সুপার ৩০’ আবারও দর্শকের সামনে ‘অভিনেতা’ হৃতিক রোশনকে এনে দিয়েছে। এবার তিনি হলিউডের পথে। অন্যদিকে শোনা যাচ্ছে, কৃশ সিনেমার চতুর্থ ফ্র্যাঞ্চাইজির জন্য হৃতিক জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

