বঙ্গবন্ধুর বায়োপিকে মিশা সওদাগর
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। আর সেই সিনেমাতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ূব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এমন খবরই নিশ্চিত করেছে একাধিক সূত্র। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় জীবনী নির্ভর এই সিনেমা নির্মাণ করবেন মুম্বাইয়ের পরিচালক শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্যারিয়ারে আইয়ূব খান খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই তার জীবনীতেও এই চরিত্রের উপর গুরুত্ব থাকছে। সেই চরিত্রটিই শ্যাম বেনেগালের ফ্রেমে পর্দায় ধারণ করবেন মিশা সওদাগর।
এ প্রসঙ্গে যোগাযোগ করলে মিশা সওদাগর বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। যেখানে আইয়ূব খানের চরিত্রের কথা উল্লেখ আছে। তবে ১৭ মার্চের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এই ছবিতে আরও অনেক গুণী শিল্পীদের অভিনয়ের কথা শুনেছি আমি। একে তো এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা। তারসঙ্গে শ্যাম বেনেগালের মতো আন্তর্জাতিক মানের নির্মাতার পরিচালনায় এত এত গুণী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ। এখানে কাজ করতে পারাটা অবশ্যই আনন্দের। দেখা যাক কী হয়।’
এর আগে জানা যায়, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ, খন্দকার মোস্তাক চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে, মানিক মিয়া চরিত্রে থাকবেন তুষার খান।

