ঢাকাই ছবিতে কলকাতার দর্শনা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৩
কলকাতার আলোচিত অভিনেত্রীর মধ্যে একজন দর্শনা বণিক। নিজের কাজই নিয়েই ব্যস্ত সারাক্ষণ। সেই সুবাদে ঢাকার একটি মিউজিক ভিডিওতেও কাজ করা হয়েছে তার। আর এবার অভিনয় করছেন ঢাকাই সিনেমায়। যার নাম ‘অপারেশন সুন্দরবন’।
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে এই ছবিটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। দর্শনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, আমরা এখন ছবিটির শেষ লটের শুটিং করছি সুন্দরবনে। আরও কিছুদিন কাজ করবো এখানে। এই লটেই শুটের কাজ শেষ হয়ে যাবে। আর দর্শনা শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন গত সপ্তাহ থেকেই। এরমধ্যে ৫/৬ দিন কাজ করেছেন। এই লটের শেষ পর্যন্ত তিনি থাকবেন বাংলাদেশে। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা চমক থাকুক।

